বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা। ঈদের আমেজের মধ্যেই আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতীক্ষিত ম্যাচ। প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুত দেশের হাজারো ফুটবল সমর্থক।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ম্যাচ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। বাফুফে জানায়, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অর্থাৎ, যারা মাঠে খেলা দেখতে আসবেন, তাদেরকে প্রায় সাত ঘণ্টার বেশি সময় স্টেডিয়ামে কাটাতে হতে পারে।
নিরাপত্তার স্বার্থে সমর্থকদের কাছে অনুরোধ করা হয়েছে—ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী যেন সঙ্গে না আনা হয়। যাদের টিকিট নেই, তাদেরকে স্টেডিয়ামের আশেপাশে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। খেলা উপভোগের জন্য ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
জাল টিকিট বা টিকিট সংক্রান্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাফুফে। এছাড়া পুরো স্টেডিয়াম এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিও থাকবে। তিন নম্বর গেট দিয়ে প্রবেশকারী দর্শকদের জন্য দৈনিক বাংলা ও রাজউক মোড় থেকে দুটি আলাদা লেন নির্ধারিত থাকবে—একটি দর্শকদের জন্য, অন্যটি যানবাহনের।
তবে দীর্ঘ সময় গ্যালারিতে অবস্থান করা দর্শকদের জন্য খাবার বা পানীয়র কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে এখনো কিছু জানায়নি বাফুফে। আয়োজনের ক্ষেত্রে এবার কিছু ব্যতিক্রমী প্রস্তুতি নেওয়া হয়েছে। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে গান-বাজনার আয়োজন থাকবে, যা সাধারণত বড় টুর্নামেন্টেই দেখা যায়। একটি একক আন্তর্জাতিক ম্যাচের আগে দেশের ফুটবলে এ ধরনের আয়োজন এবারই প্রথম।
১৬৫৯ দিন পর ঢাকায় ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সেই দিক থেকেও ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আয়োজকেরা ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। এখন দেখার বিষয়, জামাল ভূঁইয়ারা মাঠে কতটা আনন্দ দিতে পারেন সমর্থকদের।



