হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। রোববার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর এক কমান্ডার জানান, ওমান উপসাগর ইরানের সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেয় তেহরান।
ইরানের ওই নৌ কমান্ডার জানান, ইরানের সামরিক বাহিনী অপেক্ষায় আছে কখন তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন সেনাদের আগমন ঘটে। আওতায় এলেই তাদের ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করা হবে। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালির পূর্ব অংশে ইরানের এই একচ্ছত্র আধিপত্য ঘোষণার ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হলো। ইরানের এই কঠোর অবস্থান এবং মার্কিন রণতরীর পিছু হটার খবর পুরো মধ্যপ্রাচ্যের রণকৌশলে নতুন মোড় নিতে পারে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের জলসীমায় যেকোনো ধরনের অনুপ্রবেশের দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

