
গত সপ্তাহে সোনার দাম কমায় যারা একটু স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য দুঃসংবাদ ! মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও উত্তাপ ছড়াচ্ছে সোনা। এক লাফেই ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম এখন আবারও আড়াই লাখ টাকার ঘর ছাড়িয়ে গেছে ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, নতুন এই দাম অনুযায়ী এখন এক ভরি ২২ ক্যারেট সোনা কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা । শুধু সোনা নয়, রুপার দামেও লেগেছে এই বাড়তি হাওয়া। ভরিতে ৩৫০ টাকা বেড়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫ টাকা । বুধবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর করা হয়েছে ।
কিন্তু হঠাৎ কেন এই দাম বৃদ্ধি? জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৮০ ডলার বেড়ে ৪ হাজার ৮২৭ ডলারে পৌঁছে যাওয়ায় দেশের বাজারেও এর সরাসরি প্রভাব পড়েছে ।
তবে সাধারণ ক্রেতাদের জন্য একমাত্র সান্ত্বনার বিষয় হলো, দাম নতুন করে বাড়লেও তা এখনো দেশের ইতিহাসের সর্বোচ্চ দামের চেয়ে কিছুটা কমই আছে। গত ২৯ জানুয়ারি দেশে সোনার দাম ভরিপ্রতি রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল !


