বিশ্ব ফুটবলে নতুন এক ঐতিহ্যের সূচনা করতে যাচ্ছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের বিজয়ী দলকে প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নশিপ রিং’ প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি বিশেষ রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের দেওয়া হবে। ফাইনাল শেষে দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী রিং তুলে দেওয়া হবে। পরবর্তীতে তাদের জন্য ব্যক্তিগত নাম ও অর্জন সংযুক্ত করে বিশেষভাবে তৈরি করা রিং সরবরাহ করা হবে।
বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে। ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে এসব রিং সংগ্রহ করতে পারবেন ভক্তরা। এতে এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের লোগো। রিংগুলোতে হীরা ও নীলকান্তমণি (স্যাফায়ার) ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যা এগুলোকে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী করে তুলবে।
যদিও ফুটবলে চ্যাম্পিয়নশিপ রিংয়ের ধারণা সম্পূর্ণ নতুন নয়। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ফ্রান্স দলের কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত উদ্যোগে হীরাখচিত স্মারক রিং তৈরি করেছিলেন। তবে এবারই প্রথম কোনো বিশ্বকাপজয়ী দলের জন্য ফিফা আনুষ্ঠানিকভাবে এমন সম্মাননা চালু করছে।
রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা শিরোপার পাশাপাশি ইতিহাসের প্রথম ফিফা চ্যাম্পিয়নশিপ রিং জয়ের লক্ষ্যেও মাঠে নামবে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের মুকুটের সঙ্গে এই নতুন মর্যাদাপূর্ণ স্মারকটি কোন দলের হাতে ওঠে।



