এশিয়া কাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, অথচ এখনো দলের জার্সিতে নেই কোনো মূল স্পনসরের নাম। সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সঙ্গে ড্রিম ১১-এর চুক্তি বাতিল হওয়ায় এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার পর বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি ২০২৬ পর্যন্ত চলা ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫৮ কোটি রুপি) চুক্তি থেকে সরে দাঁড়ায়।
বিসিসিআই ইতোমধ্যেই নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে দলীয় স্পনসরশিপের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো ১২ সেপ্টেম্বর পর্যন্ত নথি কিনতে পারবে এবং দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর। অথচ এরই মধ্যে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপ। এর ফলে নতুন স্পনসর পাওয়ার আগেই হয়তো ভারতকে মাঠে নামতে হতে পারে স্পনসরবিহীন জার্সি পরে। বহু বছর পর প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা গেলে তা শুধু বিসিসিআই-এর জন্য নয়, গোটা ক্রিকেট দুনিয়ার কাছেই হবে এক অস্বাভাবিক ঘটনা।
এর আগেও হঠাৎ করেই স্পনসর বদলাতে হয়েছে ভারতকে। ২০১৯ সালে ওপ্পো চুক্তি থেকে সরে দাঁড়ালে তার জায়গায় আসে শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুস। পরে ২০২৩ সালে মূল স্পনসর হয় ড্রিম ১১। তবে এবার নতুন নিয়মে মদ, বেটিং, ক্রিপ্টো, তামাক কিংবা ‘অশ্লীলতাকে উৎসাহিত করে’—এমন কোনো ব্র্যান্ডকে স্পনসর হওয়ার সুযোগ দিচ্ছে না বিসিসিআই।
এবারের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আর সবচেয়ে বড় ম্যাচ ১৪ সেপ্টেম্বর দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।



