‘সুখী স্ত্রী, সুখী জীবন’— বহুল প্রচলিত এই প্রবাদবাক্যকে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণের চেষ্টা করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য গটম্যান ইনস্টিটিউটের প্রধান গবেষক ড. জন গটম্যানের মতে, যে স্বামীরা তাদের স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন এবং জীবনে স্ত্রীর প্রভাবকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেন, তাদের দাম্পত্য যেমন দীর্ঘস্থায়ী হয়, তেমনি কর্মক্ষেত্রেও সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ গবেষণার মাধ্যমে গটম্যান দেখিয়েছেন— স্ত্রীকে খুশি রাখা এবং তার মতামতকে সম্মান করা স্বামীর ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তার ভাষায়, “অনেক পুরুষ অজান্তেই স্ত্রীর প্রভাব প্রতিরোধ করেন। কিন্তু এখন সময় এসেছে স্ত্রীর প্রভাব গ্রহণের কৌশল শেখার। এটি এক ধরনের মানসিকতা ও দক্ষতা, যা প্রতিদিন সঙ্গীর প্রতি মনোযোগ ও সমর্থনের মাধ্যমে গড়ে ওঠে।”
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, পরিপক্ব স্বামীরা সহজে স্ত্রীর মতামত মেনে নিতে পারেন। তারা সাধারণত সহানুভূতিশীল ও সহায়ক বাবা হন, কারণ আবেগ প্রকাশ বা বোঝাতে তাদের কোনো সংকোচ থাকে না। সম্পর্ক বিষয়ক এই গবেষণার ফলাফল সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। অনেক নারী মজা করে তাদের স্বামীকে ট্যাগ করে লিখেছেন— “আমি যা বলি, সেটাই করো— সুখ নিশ্চিত!” আরেকজন মন্তব্য করেছেন— “তোমাকে হাজারবার ট্যাগ করছি… আশা করি এবার অন্তত মানবে।”



