সৌদি আরবে যে কোনো সময় ৫০ জন বন্দির শিরশ্ছেদ কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্দি ও তাদের স্বজনরা এ বিষয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই আফ্রিকার হর্ন অঞ্চলভুক্ত দেশ—ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। বর্তমানে তারা ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি রয়েছেন।
সৌদি আইন অনুযায়ী, মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড একটি স্বীকৃত শাস্তি। সংশ্লিষ্ট বন্দিরা এই অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, শিগগিরই সাজা কার্যকর করা হবে।
একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমাদের বলা হয়েছিল ঈদুল আযহার পরেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। এখন আমাদের বলা হচ্ছে, পরিবারের সদস্যদের বিদায় জানানোর সময় এসেছে।’
প্রতিবেদনে আরও জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি নাগরিক রয়েছেন। গত মাসেই অন্তত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। বাকিদেরও শিগগির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি চলছে।
এই পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে এবং উদ্বেগ তৈরি করেছে মানবিক ও ন্যায়বিচার নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়ে।



