সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় জাহাজ চলাচল শুরু হচ্ছে না। শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম গণমাধ্যমকে জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় এখন পর্যন্ত কোনো জাহাজকে সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। তাঁর জানা মতে, পর্যটন বোর্ডের প্রয়োজনীয় কার্যক্রমও পুরোপুরি প্রস্তুত হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন দ্বীপে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এরপর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, জাহাজ চলাচল শুরু করতে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। তবে এখনো এসব অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ ছাড়া পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যার চালুর কথা রয়েছে, সেটিও প্রস্তুত হয়নি। ফলে রোববার থেকে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না। তবে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রোববার থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত করেই চলাচলের অনুমতি দেওয়া হবে। জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে জাহাজ চলাচল শুরুর সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হতে পারে।



