কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে বিশেষ ফ্লাইটে ভারতে পা রাখেন এলএম টেন। মেসির সঙ্গে সফরসঙ্গী হিসেবে কলকাতায় এসেছেন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। প্রায় ১৪ বছর পর ভারতে এসে পৌঁছানো মেসিকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
জানা গেছে, রাত আড়াইটার দিকে মেসিকে বহনকারী ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে। বিমানবন্দরে এই ফুটবল তারকাকে এক ঝলক দেখার জন্য উপচে পড়ে ভক্তদের ভিড়। কড়া নিরাপত্তার মধ্যেই মেসি ও তার সফরসঙ্গীরা হোটেলের উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হোটেলে স্পনসরদের একটি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। এরপর সকাল ১০টার দিকে তার যুব ভারতী স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে। সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার পাশাপাশি মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ দেখার কথা রয়েছে তার।
একই দিন লেক টাউনে লিওনেল মেসির স্ট্যাচু উদ্বোধনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি সরাসরি উপস্থিত থেকে নয়, বরং হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন ফুটবলের এই রাজপুত্র।
এদিকে শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন বলিউড কিং শাহরুখ খান। এই সফরে প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই মঞ্চে দেখা যাবে শাহরুখ খানকে, যা ঘিরে ফুটবল ও সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।



