সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। একই সঙ্গে হামলায় আহত আরও আটজন সদস্যের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এই শোকাবহ ঘটনায় তারা বাংলাদেশের পাশে রয়েছে এবং নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক ভূমিকা রেখে আসছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই অবদান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এবং যুক্তরাষ্ট্র তা অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করে। নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ শান্তি ও মানবতার পক্ষে বাংলাদেশের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে বলে উল্লেখ করা হয়।



