টেস্ট ও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার টি-টোয়েন্টিতেও একই চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় পরাজয়ের পর আজ (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় ছাড়া লিটন দাসের দলের সামনে আর কোনো বিকল্প নেই। ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি।
প্রথম ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ কোচিং স্টাফ। অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে সমালোচনা থাকলেও কোচ ফিল সিমন্স তার ওপর আস্থা রেখে যাচ্ছেন। ওয়ানডে সিরিজে ব্যর্থতার কারণে একাদশ থেকে বাদ পড়লেও, টি-টোয়েন্টিতে আবারও সুযোগ পেতে যাচ্ছেন লিটন।
ব্যাটিং লাইনআপে দেখা যেতে পারে নতুন চমক। প্রথম ম্যাচে না খেলা মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক ফিরতে পারেন আজকের একাদশে, যার উপস্থিতি ব্যাটিং অর্ডারে স্থিতি আনতে পারে।
বোলিং ইউনিটেও পরিবর্তন আসতে পারে। তাসকিন আহমেদের জায়গায় অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানকে মাঠে দেখা যেতে পারে। কাটার মাস্টারের স্লোয়ার ও ভিন্ন ধরনের ডেলিভারি শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে বলে ধারণা।
শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও সামগ্রিকভাবে দুই দলের মুখোমুখি ১৮ ম্যাচে কেবল ৬টিতে জয় পেয়েছে টাইগাররা, বাকি ১২ বার জয়ী হয়েছে লঙ্কানরা। এসব পরিসংখ্যান কিছুটা আত্মবিশ্বাস জোগালেও সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ দল পিছিয়ে রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রে ভ্যান্ডারসে, মহেশ থিকশানা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।



