ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এখনো আলো ছড়াতে পারছেন না সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২১ আগস্ট) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে ব্যাট করতে নেমে তিনি ১৩ বলে মাত্র ৭ রান করেন। তবে বল হাতে শানদার পারফরম্যান্স উপহার দেন এই অলরাউন্ডার। নিজের করা একমাত্র ওভারে মাত্র ২ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।
দিনের শেষে অবশ্য সাকিবের দল জয় পেয়েছে। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে জয়ের হাসি ফুটেছে ফ্যালকন্সের মুখে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। রাহকিম কর্নওয়াল (৯), অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) ও সাকিব (৭) দ্রুত আউট হলে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন জুটিতে ঘুরে দাঁড়ায় ফ্যালকন্স। তাদের ৬৯ রানের জুটি দলকে নিয়ে যায় লড়াই করার মতো সংগ্রহে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৭ রান তোলে তারা।
জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সও লড়াই করে। দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারালেও এক পর্যায়ে ১১০ রানে ৬ উইকেট হারায় তারা। নিকোলাস পুরান (১০), ড্যারেন ব্রাভো (২) ও কেসি কার্টি (৩৫) সেভাবে টিকতে পারেননি। তবে শেষ দিকে কাইরন পোলার্ড লড়াই চালিয়ে যান। তার ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু সেটি দলকে জয় এনে দিতে যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানেই থেমে যায় নাইট রাইডার্সের ইনিংস। ফলে সাকিবের দল ফ্যালকন্স ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।



