অভিনয়ের পাশাপাশি সুরের ভুবনে জিয়াউল ফারুক অপূর্বর নতুন যাত্রা। নিউইয়র্কের মর্যাদাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত হলো তাঁর প্রথম একক গান পরিবেশনা।ছোটপর্দার জনপ্রিয় ও সফল অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার সংগীতাঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন। গত ৮ আগস্ট (স্থানীয় সময় রাতে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (JPAC) অনুষ্ঠিত হয় তাঁর প্রথম একক গানের কনসার্ট ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।
‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’ (DreamBox Entertainment) আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ সংগীতাযোজনে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০০ ডলার এবং ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২,৩০০ টাকা থেকে ৩৭,০০০ টাকা। টিকিটের এই উচ্চমূল্য সত্ত্বেও প্রবাসী দর্শকদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ ‘হাউজফুল’ হয়ে ওঠে। চার শতাধিক দর্শকের উপস্থিতিতে পুরো মিলনায়তন ছিল উচ্ছ্বাস ও উন্মাদনায় ভরপুর। নির্ধারিত আসনসংখ্যার কারণে অনেক ভক্ত ইচ্ছা থাকা সত্ত্বেও টিকিট না পেয়ে হতাশ হন।
দীর্ঘ অভিনয়জীবনে নাটকের জন্য কিংবা ঘরোয়া আড্ডায় গান গাইলেও দর্শনীর বিনিময়ে কোনো মঞ্চে অপূর্বর এটিই প্রথম পূর্ণাঙ্গ পরিবেশনা। কনসার্টে তিনি নিজের প্রিয় কিছু জনপ্রিয় গান এবং নিজের অভিনীত নাটকে গাওয়া পরিচিত বেশ কয়েকটি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
মঞ্চে দাঁড়িয়ে প্রবাসী দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় আপ্লুত অপূর্ব আবেগঘন কণ্ঠে বলেন, “নিউইয়র্ক, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটা ছিল স্বপ্নপূরণের মতো।”



