এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর এক সেমিফাইনালে সুপার ওভারের নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৯৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ ম্যাচে আধিপত্য তৈরি করলেও ভারত শেষ বলে তিন রান নিয়ে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়। সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে ভারত দুই বলেই দুটি উইকেট হারায় এবং মাত্র ১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। যদিও সহজ লক্ষ্যটিও কঠিন করে তোলে বাংলাদেশ, শেষপর্যন্ত একটি ওয়াইড বলেই জয় নিশ্চিত হয়।
মূল ২০ ওভারের খেলায় ছিল চরম নাটকীয়তা। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের জবাবে ভারত ‘এ’ দল দুর্দান্ত শুরু করে। বৈভব সূর্যবংশীর ১৫ বলে ৩৮ রান এবং প্রিয়াংশ আর্যর ২৩ বলে ৪৪ রানে পাওয়ার প্লেতেই বড় স্কোরের ভিত তৈরি হয়। শেষদিকে জিতেশ শর্মা ও আশুতোষ শর্মার ব্যাট থেকে কিছু রান এলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপ বাড়তে থাকে। শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান, হাতে ছিল পাঁচ উইকেট। সেই সময়ে অসাধারণ বোলিং করেন রিপন মন্ডল, ছয় বলে মাত্র ৫ রান দিয়ে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ বলের চার প্রয়োজনীয় রান না পেয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বাংলাদেশের বোলিং আক্রমণে রাকিবুল হাসান ও আবু হায়দার রনি নেন দুটি করে উইকেট। সুপার ওভারে জিতেশ শর্মা ও রামানদ্বীপকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথম বলেই জিতেশ এবং পরের বলেই আশুতোষকে আউট করেন রিপন। দুটি বলেই ভারত অলআউট হয়ে যায় শূন্য রানে। জবাব দিতে নেমে বাংলাদেশের ইয়াসির আলী প্রথম বলেই আউট হলেও পরের বলে ওয়াইড উপহার দিয়ে ভারত বাংলাদেশকে জয় এনে দেয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের জুটিতে ৪.২ ওভারে আসে ৪৩ রান। জিসান ১৪ বলে ২৬ রান করে আউট হলে কিছুক্ষণ পর দ্রুত উইকেট পড়ে যায়। তবে একপ্রান্ত ধরে রেখে ৪৬ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সোহান। শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ব্যাটে ভর করে দলীয় স্কোর দাঁড়ায় ১৯৪।



