এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা ওভারপ্রতি ৮.১৫ হারে রান তুলেছে। তবে শেষ এক দশকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তোলার প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো অবস্থানে নেই। শীর্ষ ১০ দলের মধ্যে রান রেটের তালিকায় সবার পেছনে রয়েছে টাইগাররা। এশিয়ার আরেক দল শ্রীলঙ্কার অবস্থানও তলানির দিকে। ফলে প্রশ্ন উঠছে—টি-টোয়েন্টিসুলভ পিচ না হওয়ার কারণেই কি এই দুই দেশের ব্যাটাররা পিছিয়ে আছে?
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ। এই সময়ে তাদের ওভারপ্রতি রান রেট মাত্র ৭.৫৭। অন্যদিকে, শ্রীলঙ্কা খেলেছে ১৪২ ম্যাচ, তাদের রান রেট ৭.৬৬। র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের মধ্যে রান রেটের হিসেবে বাংলাদেশের অবস্থান দশম, আর শ্রীলঙ্কার নবম। অষ্টম স্থানে থাকা আফগানিস্তানের রান রেট ৭.৯৩। বাকি সাতটি দলই গত এক দশকে গড়ে প্রতি ওভারে ৮ রানের বেশি করেছে। ভারতের রান রেট সবচেয়ে বেশি—প্রায় ৯-এর কাছাকাছি (৮.৯১)।



