শীতকালে বাজার ভরে যায় নানা রঙের সবজিতে—বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, মুলা, সর্ষে শাকসহ আরও অনেক কিছু। দেখতে আকর্ষণীয় ও স্বাদে মজাদার এসব সবজি খাওয়ার পর অনেকেরই পেট ভার লাগা, গ্যাস, পেট ফেঁপে যাওয়া বা বদহজমের সমস্যা দেখা দেয়। তেল-মসলা কম খেলেও পেট যেন ঠিক থাকে না। এর মূল কারণ হলো কিছু শীতকালীন সবজি, বিশেষ করে ক্রুসিফেরাস শ্রেণির সবজি, যেগুলো হজমে তুলনামূলক কঠিন। বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, মুলা, সর্ষে শাক ও ব্রাসেলস স্প্রাউটস—এসব সবজিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। ফাইবার সাধারণত স্বাস্থ্যকর হলেও যাদের IBS, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের জন্য অতিরিক্ত ফাইবার হজমে বাধা সৃষ্টি করে, ফলে পেটে গ্যাস জমে ও অস্বস্তি বাড়ে।
এছাড়া এসব সবজিতে রাফিনোজ নামে এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যা সহজে অন্ত্রে ভাঙে না এবং কোলনে পৌঁছে ব্যাকটেরিয়ায় ভেঙে গ্যাস তৈরি করে। তাই হয় ঢেঁকুর ওঠা, পেট ফাঁপা ও বদহজম। তবে সঠিকভাবে রান্না করলে এসব সবজি হজম অনেক সহজ হয়। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খাওয়া উচিত; আধসিদ্ধ বা কাঁচা খাওয়া এড়িয়ে চললে গ্যাসের ঝুঁকি কমে। IBS বা গ্যাসের রোগীরা অল্প পরিমাণে এসব সবজি খাবেন। রান্নায় হিং, আদা, জিরা বা গোলমরিচ ব্যবহার করলেও হজম সহজ হয়। এছাড়া ফুলকপি বা বাঁধাকপি লবণ ও হলুদের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিলে হজম আরও সহজ হয়।
একসঙ্গে অতিরিক্ত সবজি না খেয়ে অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করুন এবং খাবারের সঙ্গে যথেষ্ট পানি পান করুন। নিয়মিত গ্যাস বা হজমের সমস্যা থাকলে কোন সবজি আপনার জন্য উপযোগী আর কোনটি নয়—তা কয়েকদিন পর্যবেক্ষণের মাধ্যমে বুঝে নিন।



