শীতকালে ডাবের পানি খেলে ঠান্ডা লেগে যাবে—এমন ধারণা প্রচলিত থাকলেও চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টিবিদরা বলছেন ভিন্ন কথা। বরং কনকনে ঠান্ডার এই সময়ে ডাবের পানি শরীরের জন্য অত্যন্ত উপকারী। শীতের সময় আমাদের পানি পানের প্রবণতা কমে যায়, যার ফলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার ঝুঁকি বাড়ে। ডাবের পানি শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং এর ইলেক্ট্রোলাইট উপাদান শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। ফলে শীতকালীন অলসতা দূর হয়ে শরীরে কাজের নতুন শক্তি বা এনার্জি সঞ্চার হয়।
হজমে সহায়তার পাশাপাশি ডাবের পানি শীতকালে হার্টের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। ঠান্ডার দিনে রক্তচাপ বাড়লে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের যে ঝুঁকি তৈরি হয়, ডাবের পানিতে থাকা পটাশিয়াম তা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক যখন রুক্ষ ও নি্প্রভ হয়ে পড়ে, তখন এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে জাদুর মতো কাজ করে। নিয়মিত ডাবের পানি পান করলে ত্বক টানটান থাকে এবং চামড়ার খসখসে ভাব দূর হয়। তাই কোনো ভয় ছাড়াই সুস্থ থাকতে এই শীতে আপনার খাদ্যতালিকায় এক গ্লাস ডাবের পানি যোগ করতে পারেন।



