ঢালিউডের সুপারস্টার শাকিব খান মানেই খবরের শিরোনাম। সম্প্রতি (শুক্রবার) রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তবে তার এই উপস্থিতির চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে তার পারিশ্রমিকের অঙ্ক।
সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে— মাত্র ২০ মিনিটের উপস্থিতির জন্য শাকিব খান নিয়েছেন ৩৫ লাখ টাকা! যদি এই তথ্য সত্যি হয়, তাহলে প্রতি মিনিটের হিসেবে দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। এই সংখ্যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।
জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন, “বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছেন ২০ মিনিট, নিয়েছেন ৩৫ লাখ টাকা পারিশ্রমিক। কাজ ছিল একটি ব্র্যান্ড প্রমোট করা! কিন্তু কোথাও সেই ব্র্যান্ডের নাম বা ট্যাগ নেই— সবাই কেবল তার গোঁফ আর নতুন লুক নিয়েই ব্যস্ত!” তিনি আরও জানতে চান, কোন এজেন্সি এই ইভেন্টটি পরিচালনা করেছে।
এদিকে, শাকিব খান শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে বনানীর সেই আলোচিত ইভেন্টের কিছু ছবি পোস্ট করেছেন। তবে তিনি বা তার টিম এখনো পর্যন্ত পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবুও বিষয়টি নিয়ে নেটিজেনদের আলোচনা অব্যাহত রয়েছে।
বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা, যা আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।



