ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে, এই সিনেমায় তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ।
সম্প্রতি জানা গেছে, শাকিব খান আনুষ্ঠানিকভাবে এই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্যে রয়েছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক জানিয়েছেন, এটি একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র হবে, যা দর্শকদের দেবে “লার্জার দ্যান লাইফ” অভিজ্ঞতা।
এদিকে, সিনেমার নাম ও অভিনেত্রী নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, সিনেমার সম্ভাব্য নাম হতে পারে ‘Once Upon a Time in Dhaka’। গুঞ্জন অনুযায়ী, শাকিব খান এখানে ‘কালা জাহাঙ্গীর’, মোশাররফ করিম ‘পিচ্চি হান্নান’ চরিত্রে এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এই সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করতে পারেন।
মধুমিতা যদি এই ছবিতে অভিনয় করেন, তবে এটি হবে তার প্রথম বাংলাদেশি সিনেমা। নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড-এর বাস্তব ঘটনাবলির ওপর ভিত্তি করে নির্মিত হতে পারে এই সিনেমা। যদিও নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এখনও এসব গুঞ্জনের বিষয়ে নিশ্চিত কিছু বলেনি, তবে শাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য।



