শরীয়তপুরের ডামুড্যায় চলন্ত অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিমা পূর্ব ডামুড্যা ইউনিয়নের আসাদ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাসিমা বেগম সকালে ডামুড্যা থেকে অটোরিকশায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুতুবপুর এলাকায় তার গলার ওড়না অটোর সিটের পেছন দিক দিয়ে মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে ভয়াবহ ঘটনা—তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের স্বামী আসাদ হাওলাদার বলেন, ‘আমার স্ত্রী ঢাকায় বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। হঠাৎ ফোনে দুর্ঘটনার খবর পাই। এসে দেখে আমি হতবাক—এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান জানান, অটোর ভেতরে বসা অবস্থায় ওড়না মোটরে পেঁচিয়ে তাকে গুরুতর দুর্ঘটনার শিকার হতে হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।



