র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে সমানতালে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকাল এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হবে দুই দলের তৃতীয় মুখোমুখি লড়াই। সংবাদ সম্মেলনে জামাল বলেন, “ম্যাচটি কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখি আমরা।”
ভিয়েতনাম ম্যাচকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা, কারণ ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তার দল। কাবরেরা বলেন, “আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে অফিসিয়াল ম্যাচের প্রস্তুতি। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল, তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।”
ভিয়েতনাম দলে সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনের মতো নতুন ও শক্তিশালী ফুটবলারদের উপস্থিতি নিয়ে সতর্ক কোচ কাবরেরা। তিনি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। হামজা চৌধুরী গতকাল দলে যোগ দিয়েছেন, তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কোচ। তিনি বলেন, “হামজা মাত্র গতকাল বিকেলে পৌঁছেছে। আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তার খেলার বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।”



