ভালোবাসার প্রতীকী সপ্তাহ—ভ্যালেন্টাইনস উইক—শুরু হলো আজ রোজ ডে পালনের মধ্য দিয়ে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে রোজ ডে উদযাপনের মাধ্যমে ভালোবাসা সপ্তাহের সূচনা হয়। এ দিনটি ঘিরে বাতাসে ছড়িয়ে পড়ে প্রেম, আবেগ আর ভালোবাসার মিষ্টি অনুভূতি।
ভালোবাসা দিবস মানেই ফুল, আর ফুলের রাজা হিসেবে পরিচিত গোলাপ। প্রিয়জনের প্রতি নিজের অনুভূতি প্রকাশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এই গোলাপ ফুল। তবে সব রঙের গোলাপের অর্থ এক নয়। রংভেদে প্রতিটি গোলাপের রয়েছে ভিন্ন ভিন্ন প্রতীকী তাৎপর্য। কথিত আছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে গোলাপের রং নির্বাচন করা জরুরি।
লাল গোলাপ ভালোবাসা ও হৃদয়ের প্রতীক। কাউকে গভীর প্রেমের কথা জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে উপযুক্ত। গোলাপি গোলাপ প্রকাশ করে প্রশংসা ও মুগ্ধতা—কারও প্রতি সম্মান বা প্রশংসা জানাতে এই রঙের গোলাপ আদর্শ। ল্যাভেন্ডার গোলাপ তুলনামূলকভাবে বিরল হলেও এর অর্থ অত্যন্ত বিশেষ; প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার অনুভূতিই এতে প্রকাশ পায়।
কমলা গোলাপ তীব্র আবেগ ও আকুতির প্রতীক। মুখে প্রকাশ করতে না পারা অনুভূতি জানাতে কমলা গোলাপ হতে পারে শক্তিশালী বার্তা। হলুদ গোলাপ বোঝায় বন্ধুত্ব ও আনন্দ—বন্ধুর সঙ্গে এই দিনটি উদযাপন করতে হলুদ গোলাপ উপহার দেওয়া যেতে পারে। সাদা গোলাপ সরলতা ও পবিত্রতার প্রতীক হলেও রোজ ডে-তে কম ব্যবহৃত হয়; তবে কারও সরল ও নিষ্পাপ গুণের প্রশংসায় এটি দেওয়া যেতে পারে।
পিচ রঙের গোলাপ রোজ ডে-তে বিশেষভাবে জনপ্রিয় হতে পারে। এর অর্থ—ভালোবাসা আছে, কিন্তু প্রকাশ করার সাহস নেই। মনের কথা বলতে লজ্জা পেলে পিচ রঙের গোলাপই নিঃশব্দে আপনার অনুভূতি পৌঁছে দিতে পারে প্রিয়জনের কাছে। তাই রোজ ডে-তে গোলাপ উপহার দেওয়ার আগে রঙের অর্থ জেনে নিলেই ভালোবাসার বার্তাটি হবে আরও অর্থবহ।



