রাশিয়ার উফা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা যথাযোগ্য মর্যাদা, আবেগ ও উৎসাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। দিবসটি উপলক্ষে তারা আয়োজন করেন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন। প্রবাসের মাটিতে থেকেও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ ছিল পুরো আয়োজনজুড়ে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা ও চর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির অহংকার, আর সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
উফা স্টেট টেকনলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলসাদুল ইসলাম সাদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ভাষা শহীদদের ত্যাগ শুধু ইতিহাস নয়, এটি আমাদের জাতিসত্তার ভিত্তি। তিনি বলেন, প্রবাসে থেকেও মাতৃভাষা ও সংস্কৃতিকে ধারণ করা মানে নিজের শিকড়কে বাঁচিয়ে রাখা।
এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের বাইরে থেকেও জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষাকে লালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস আরও বৃহৎ পরিসরে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিরা নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকেন। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, ইতিহাসের স্মরণ এবং সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


