‘রকস্টার’ সিনেমার সাফল্যের উন্মাদনার মধ্যেই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে এসেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সান মোশন পিকচার্সের প্রযোজনায় খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার ক্যারিয়ারের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ সিনেমা ‘সোলজার’। ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে এক সংবাদ সম্মেলনে শাকিব জানান, ‘সোলজার’ মূলত ‘রকস্টার’-এর আগের ছবি, যার সিংহভাগ শুটিং আগেই শেষ হলেও এতদিন আটকে ছিল। এখন এর কাজ চূড়ান্ত পর্যায়ে। অচিরেই ক্যামেরা ক্লোজ হবে এবং বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন করে এ বছরই ‘সোলজার’ মুক্তি দেওয়া হবে। ক্যারিয়ারের ২৭ বছরের পথচলা প্রসঙ্গে শাকিব খান বলেন, তিনি মাত্র তিন মাসের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, কিন্তু কাজের মধ্যেই সময় কেটে গেছে। তিনি দেশের নানা সংকট ও চড়াই-উতরাই পেরিয়ে সবাইকে একত্রিত হয়ে সিনেমাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সব নেতিবাচকতাকে পাশ কাটিয়ে ইতিবাচক কাজের মাধ্যমে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে চান বলে জানান এই মেগাস্টার।



