ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না; অনেক সময় মানুষের আচরণ, দৃষ্টি আর নীরবতার মাঝেও লুকিয়ে থাকে গভীর অনুরাগ। মনোবিদ ও সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কেউ আপনাকে গোপনে পছন্দ করলে তার শরীরী ভাষা এবং প্রতিক্রিয়ায় কিছু নির্দিষ্ট লক্ষণ ফুটে ওঠে। যেমন—বারবার অকারণে চোখাচোখি হওয়া এবং ধরা পড়ে গেলে লাজুক হাসিতে মুখ ফিরিয়ে নেওয়া গোপন ভালোবাসার অন্যতম প্রাথমিক সংকেত। এছাড়া আপনার সামনে এলে খুব আত্মবিশ্বাসী মানুষটিও যদি হঠাৎ নার্ভাস হয়ে পড়ে কিংবা কথা বলতে গিয়ে তোতলায়, তবে বুঝে নেবেন আপনার উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে।
গোপন প্রণয়ের আরেকটি বড় লক্ষণ হলো ‘অকারণ উপস্থিতি’। কোনো বিশেষ প্রয়োজন ছাড়াই আপনার আশেপাশে থাকার অজুহাত খোঁজা বা আপনার প্রতিটি ছোটখাটো পছন্দ-অপছন্দের নিখুঁত স্মতি রাখা প্রমাণ করে যে, সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবছে। শুধু তাই নয়, আপনি অন্য কারও প্রশংসা করলে তার মধ্যে যদি হালকা ঈর্ষা বা মন খারাপের ভাব দেখা দেয়, তবে সেটি তার অবদমিত অনুরাগেরই বহিঃপ্রকাশ। আপনার অজান্তেই অন্যদের কাছে আপনার প্রশংসা করা কিংবা গল্পের ছলে বারবার আপনার প্রসঙ্গ টেনে আনাও ইঙ্গিত দেয় যে, তার মনের গহীনে আপনার জন্য বিশেষ একটি জায়গা তৈরি হয়েছে। মূলত এই সূক্ষ্ম আচরণগুলোই বলে দেয়—কেউ একজন আপনাকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছে।



