শূন্য থেকে প্রায় ৩০০ কোটি রুপির মালিক হয়ে ওঠার গল্পটি কপিল শর্মাকে ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম সফল বিনোদন তারকায় পরিণত করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তার মোট সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩০০ কোটি রুপি, যার মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী কৌতুকশিল্পীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হিট টেলিভিশন অনুষ্ঠান, বিপুল দর্শকপ্রিয়তা এবং সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সফল শোগুলো তার আয়ের পরিধি বহুগুণে বাড়িয়েছে। একটি জনপ্রিয় ডিজিটাল কমেডি শো থেকে প্রতি পর্বে প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার কারণে একটি মৌসুম থেকেই তার আয় প্রায় ২০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে বলে জানা যায়। টানা কয়েকটি মৌসুমে একই পারিশ্রমিক ধরে রাখায় তিনি বর্তমানে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কৌতুকশিল্পীদের তালিকায় রয়েছেন।
পাঞ্জাবে জন্ম নেওয়া কপিল শর্মার আসল নাম কপিল পুঞ্জ। ১৯৯৭ সালে বাবার ক্যানসারে মৃত্যুর পর পরিবারে বড় ধাক্কা আসে এবং অল্প বয়সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তাকে কাজ শুরু করতে হয়। জীবনের শুরুতে তিনি মাত্র ৫০০ রুপি মাসিক বেতনে টেলিফোন বুথে কাজ করেছেন, আবার কাপড়ের কারখানায় কাজ করে পেয়েছেন ৯০০ রুপি। এক সাক্ষাৎকারে কপিল জানান, দশম শ্রেণি পাস করার পর পকেটমানির প্রয়োজনে প্রথম চাকরি শুরু করেছিলেন। আজ জীবনের প্রতিটি সাফল্যের মুহূর্তে তিনি বাবাকে সবচেয়ে বেশি মনে করেন বলেও আবেগভরে তুলে ধরেন।
কপিল শর্মার জীবনের মোড় ঘুরে যায় একটি কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠনের মাধ্যমে। শুরুতে বাদ পড়লেও পরে সুযোগ পেয়ে শেষ পর্যন্ত তিনি সেই প্রতিযোগিতায় বিজয়ী হন। বিজয়ী হয়ে পাওয়া ১০ লাখ রুপি পুরস্কারের অর্থ তিনি বোনের বিয়েতে ব্যয় করেন। এরপর ধারাবাহিকভাবে একের পর এক কমেডি শোতে সাফল্য পেতে থাকেন তিনি। ২০১৩ সালে শুরু করা একটি জনপ্রিয় কমেডি অনুষ্ঠান তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। পরবর্তীতে আরও বড় পরিসরে নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে তিনি নিজেকে ভারতের শীর্ষ কৌতুকশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে স্ত্রী গিন্নি ও দুই সন্তানকে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন কপিল শর্মা। মুম্বাইয়ের অভিজাত এলাকায় তার প্রায় ১৫ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি পাঞ্জাবে রয়েছে একটি খামারবাড়ি। দামী গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক নামী ব্র্যান্ডের যানবাহন। পরিবার নিয়ে বিদেশ ভ্রমণের প্রতিও তিনি বেশ আগ্রহী, যার ঝলক প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।



