আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল দল আগেই স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শেষ মুহূর্তে দল ঘোষণা করে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। সমর্থকদের বড় প্রশ্ন ছিল— নেপালের বিপক্ষে খেলবেন কি তিনি? শেষ পর্যন্ত জানা গেল, এই দুই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।
হামজার অনুপস্থিতি নিয়ে বাফুফের কর্মকর্তারা শুরুতে স্পষ্ট কিছু বলতে চাননি। তবে ভেতরে ভেতরে তারাও ধরে নিয়েছিলেন, নেপাল সফরে পাওয়া যাবে না লেস্টার সিটির এই মিডফিল্ডারকে।
মূল কারণ হচ্ছে, কয়েক দিন আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে বার্মিংহামের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে আঘাত পান হামজা চৌধুরী। আঘাতটি গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে ক্লাব লেস্টার সিটি তাকে ছাড়তে রাজি হয়নি। এ বিষয়টি নিশ্চিত করে বাফুফেকে একটি চিঠি পাঠিয়েছেন হামজার এজেন্ট।
যদিও নিয়ম অনুযায়ী জাতীয় দলের ম্যাচের ৭২ ঘণ্টা আগে ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়তে হয়, তবে যেহেতু ম্যাচটি প্রস্তুতিমূলক প্রীতি খেলা, তাই লেস্টারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বাফুফে। ফলে কাঠমান্ডুর ম্যাচগুলোতে লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না হামজাকে



