দক্ষিণ গাজায় যুদ্ধবিরতি ‘হুমকির মুখে’ পড়ায় ইসরাইল ব্যাপক বিমান হামলা শুরু করেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক ও বিস্তৃত’ বিমান হামলা চালাচ্ছে।
হামলার মধ্যে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এছাড়া আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদায় সাংবাদিকদের আবাসস্থলে বিমান হামলায় একজন সাংবাদিকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগেই গাজা সিভিল ডিফেন্স জানিয়েছিল, রোববার ইসরাইলি বিমান হামলায় উপত্যকাজুড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর গাজায় ‘বেসামরিক লোকদের একটি দলকে’ লক্ষ্য করে হামলায় ছয়জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটিয়েছিল। তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। এর আগে নেতানিয়াহু সরকার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করেছিল।



