মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। শনিবার রাতে পেরুর বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে অভিষেক হয় তাঁর। ১৬ বছর ৩৬২ দিন বয়সে মাঠে নেমে সুলিভান জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে অভিষেকের রেকর্ড গড়েছেন। এর আগে ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিনে অভিষেক করে এই তালিকার শীর্ষে রয়েছেন ফ্রেডি আদু।
পেরুর বিপক্ষে ৬২ মিনিট মাঠে ছিলেন সুলিভান। গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন এই তরুণ। পেরুর রক্ষণভাগে একাধিকবার আক্রমণ তৈরি করার চেষ্টা করেন তিনি। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে পেরুর গোলরক্ষক পেদ্রো গায়েসের সঙ্গে ফাউল করায় হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে।
সুলিভানের অভিষেক গোল বা অ্যাসিস্টে স্মরণীয় না হলেও ম্যাচে যুক্তরাষ্ট্রের অন্য তরুণ খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য দেখিয়েছেন। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন জাস্টিন এলিস। পরে ১৭ বছর বয়সী ম্যাথিস অ্যালবার্ট পেনাল্টি আদায় করে দিলে সেখান থেকে গোল করেন মালিক তিলম্যান। এরপর ১৮ বছর বয়সী জুলিয়ান হল চমৎকার এক গোলে ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে দূরপাল্লার নিখুঁত কার্লিং শটে দলের চতুর্থ গোলটি করেন সেবাস্তিয়ান বেরহাল্টার।
ম্যাচে যুক্তরাষ্ট্র একটি গোল হজম করলেও তরুণদের নিয়ে গড়া দলটির পারফরম্যান্সে ইতিবাচক দিকই ছিল বেশি। কোচ মরিসিও পচেত্তিনোর জন্য এই ম্যাচটি ভবিষ্যৎ দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চলতি আন্তর্জাতিক উইন্ডোতে যুক্তরাষ্ট্রের সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে।



