স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফেরিঘাটে যাত্রী না নামিয়েই যদি কোনো বাস ফেরিতে ওঠানো হয়, তাহলে ওই বাসচালকের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু অনুশাসন নেওয়া হয়েছে। সব ফেরিঘাটে সাইনবোর্ড ও মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের নিরাপদে নামানো ও ওঠানো নিশ্চিত করা হবে। চালকের গাফিলতি প্রমাণিত হলে তার লাইসেন্সের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাসমালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেবেন।
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ট্রমা সেন্টারগুলো কার্যকর করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, সিভিল সার্জনের নেতৃত্বে প্রয়োজনীয় সরঞ্জাম, ডাক্তার ও নার্স রাখা হবে। নিকটবর্তী উপজেলা ও জেলা হাসপাতালগুলো সাতদিন আগে থেকে প্রস্তুত রাখা হবে। পুলিশ হেডকোয়ার্টার্সের মনিটরিং সেল মহাসড়কের সার্কিট ক্যামেরার দৃশ্য দেখার পাশাপাশি জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবে। উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮ মে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।



