ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে। আর তার এই প্রত্যাবর্তনকে ঘিরেই যেন বাড়তি সতর্ক অবস্থানে শ্রীলঙ্কা দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা স্পষ্ট করে জানিয়েছেন, মোস্তাফিজকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছেন না। বরং তাকে কেন্দ্র করেই রয়েছে তাদের আলাদা কৌশল। আসালাঙ্কা বলেন, ‘মোস্তাফিজ একজন অসাধারণ বোলার। সে আগেও বহুবার নিজেকে প্রমাণ করেছে এবং বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমরা জানি সে ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই তাকে নিয়ে আমাদের একটি পরিষ্কার পরিকল্পনা রয়েছে।’
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রতিটি লড়াইতেই থাকে বাড়তি উত্তাপ ও উত্তেজনা। এবারও তার ব্যতিক্রম নয়। আসালাঙ্কা বলেন, ‘আমরা আসলে ভালো বন্ধু। তবে মাঠে নামলেই প্রতিদ্বন্দ্বিতার সেই আগুনটা জ্বলে ওঠে। দর্শকেরাও সেটাই দেখতে চায়। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে উত্তেজনা থাকেই।’
প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, সাধারণত এই মাঠে স্পিন সহায়ক উইকেট তৈরি হয়। তবে এবারের ম্যাচে তিনি একটি ভালো ব্যাটিং উইকেট চান, যা খুব বেশি স্পিন-সহায়ক হবে না বলেই আশা করছেন। যদিও তিনি স্বীকার করেন, উইকেটের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ম্যাচের দিনই।
সব মিলিয়ে সিরিজের প্রথম ম্যাচকে ঘিরে রয়েছে তীব্র উত্তেজনা। আর এই উত্তেজনার মাঝেই মোস্তাফিজুর রহমান যেন এক ‘সাইলেন্ট থ্রেট’। ফেরার ম্যাচেই তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।



