মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা নেওয়া, পরে টাকা ফেরত না দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওইদিন আসামিদের আদালতে হাজির হওয়ার তারিখ ছিল, কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত এই আদেশ দেন। গ্রেপ্তার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন আমিরুল ইসলামকে জানান যে তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করা হবে। এ প্রলোভনে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি টাকা চাইতে গেলে বারবার কালক্ষেপণ করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হয়ে আমিরুল ইসলাম মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজনের কাছ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি সম্মুখীন হন। তাকে সতর্ক করা হয় যেন আর কখনো তাদের বাসায় বা আশপাশে টাকা চাইতে না আসেন, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিষয়টি সমাধানে ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে গত ২৪ মার্চ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।



