ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য আবারও আনন্দের উপলক্ষ নিয়ে ঢাকায় এসেছে স্বপ্নের ফিফা বিশ্বকাপ ট্রফি। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সোনালি এই ট্রফিটি বাংলাদেশের মাটিতে পৌঁছায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাখা হবে রাজধানীর হোটেল রেডিসনে। ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আগামী বিশ্বকাপকে সামনে রেখে গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। সৌদি আরব দিয়ে শুরু হওয়া এই সফরে ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি গন্তব্যে ঘুরে বেড়াবে ট্রফিটি। পুরো বিশ্বভ্রমণ চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। বাংলাদেশে আজ দুপুর ২টার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফির সঙ্গে বিশেষ সেশন আয়োজন করা হয়েছে, তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ সীমিত।
গত ২৪ বছরে এটি চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপ ট্রফি। প্রথমবার ২০০২ সালে সোনারগাঁও হোটেলে প্রদর্শিত হয় ট্রফিটি, যা দেশের ফুটবলপ্রেমীদের মনে বিশ্বমঞ্চের স্বপ্ন বুনে দেয়। ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে দ্বিতীয়বার ট্রফি আসার সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কাঁচের বাক্সে বন্দী সোনালি ট্রফির সঙ্গে ছবি তোলাই ছিল তখনকার সবচেয়ে বড় প্রাপ্তি।
সবচেয়ে বড় আয়োজন হয় ২০২২ সালে, তৃতীয়বার ট্রফি আসার সময়। ঢাকার আর্মি স্টেডিয়াম পরিণত হয়েছিল জনসমুদ্রে। বিশাল কনসার্ট ও প্রদর্শনীর পাশাপাশি ফরাসি কিংবদন্তি ক্রিস্টিয়ান কারেম্বুর হাত ধরে আসা ট্রফিটি দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। সে সময় ট্রফিটি বঙ্গভবন ও গণভবনেও প্রদর্শিত হয়।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারও এই ট্রফি স্পর্শ করার অনুমতি নেই। তবু কাছ থেকে একনজর দেখার সুযোগই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বরাবরের মতো আবেগ আর গর্বের মুহূর্ত হয়ে থাকছে।



