তারুণ্য ফুরিয়েছে অনেক আগেই, যৌবনও পেছনে ফেলে এসেছেন বহু বছর আগে। তবুও ফুটবলের প্রতি অটুট ভালোবাসা আর প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি গভীর মুগ্ধতা থেকেই ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা প্রকাশ্যে মেসিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন! শুধু বিয়ে নয়, চান মেসির সাথে সংসারও পাততে।
গত ২৪ জুন ছিল লিওনেল মেসির ৩৮তম জন্মদিন। সেদিনই মাঠে নেমেছিলেন তিনি, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় তার দল পালমেইরাসের সঙ্গে। ম্যাচটি শেষ হয় ২-২ গোলে ড্রতে। তবে খেলার ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে আসে গ্যালারির একটি দৃশ্য—যেখানে একজন ৯৮ বছর বয়সী নারী মেসিকে বিয়ের প্রস্তাব দেন।
ওই বৃদ্ধা গ্যালারিতে বসে একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল—“Messi, will you marry me?” মেসির দৃষ্টি পড়ে সেই প্ল্যাকার্ডের দিকে। ম্যাচের বিরতির সময় তিনি মিষ্টি হাসিতে সেই বৃদ্ধাকে দেখিয়ে হাত নাড়েন ও ইশারায় প্ল্যাকার্ডটি নামিয়ে নিতে বলেন। মেসির এ ভদ্র ও হাস্যোজ্জ্বল প্রতিক্রিয়া মুগ্ধ করেছে সকলকে।
পরবর্তীতে জানা যায়, ওই বৃদ্ধার নাম পলিন কানা। তিনি যুক্তরাষ্ট্রের এক ক্রীড়াপ্রেমী নারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। তার নাতি রস স্মিথ একজন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার, যিনি তার দাদীকে সঙ্গে নিয়ে বিভিন্ন মজার ভিডিও বানিয়ে থাকেন। রসের টিকটকে রয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ অনুসারী। পলিনের এই বিয়ের প্রস্তাব মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, লিওনেল মেসি ২০০৭ সাল থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে সংসার করছেন এবং তারা তিন সন্তানের বাবা-মা। বাস্তব জীবনে ভালোবাসা ও পারিবারিক জীবনে তিনি অনেকটাই স্থিত।



