বাংলাদেশের রান্নাঘরে মুরগির মাংস প্রতিদিনের খাবারের সাধারণ উপকরণ। ভুনা, ঝোল, ফ্রাই কিংবা বিরিয়ানি—সব রুচির মানুষই এটি পছন্দ করেন। তবে খাওয়ার সময় প্রায়ই বিতর্ক শোনা যায়—লেগ পিস ভালো নাকি পাঁজরের মাংস? বিশেষ করে শিশুরা লেগ পিস পছন্দ করলেও অভিভাবকদের মনে প্রশ্ন থাকে, কোনটি স্বাস্থ্যকর?
ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে পুষ্টিবিদরা জানিয়েছেন, মুরগির পাঁজরের অংশের মাংস পুষ্টিগুণে লেগ পিসের তুলনায় বেশি উপকারী। পাঁজরের মাংসে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি, যা পেশি গঠনে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম করেন এমন ব্যক্তি, অথবা যাদের কাজেই শারীরিক পরিশ্রম বেশি—তাদের জন্য এই অংশের মাংস বিশেষভাবে উপকারী। এছাড়া এতে থাকা পরিমাণমতো ফ্যাট শরীরকে দীর্ঘস্থায়ী শক্তি জোগায়।
অন্যদিকে, লেগ পিস বা পায়ের মাংস খেতে সুস্বাদু হলেও এতে পাঁজরের তুলনায় প্রোটিন কিছুটা কম থাকে। ফ্যাটও তুলনামূলক কম কার্যকর বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
সব বিবেচনায়, পুষ্টিগুণের দিক থেকে মুরগির পাঁজরের মাংস শরীরের জন্য বেশি উপকারী বলে গবেষণায় উঠে এসেছে। তাই স্বাস্থ্য সচেতনদের জন্য পাঁজরের অংশ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



