প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বড় পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’। হাসি-ঠাট্টা ও দুষ্টুমিতে ভরপুর এই সিরিজের চতুর্থ অধ্যায় ‘মাস্তি ফোর’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সৃষ্টি করেছে তুমুল উত্তেজনা ও নস্টালজিয়া। পুরোনো চরিত্র, নতুন গল্প ও আরও বেশি বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এবার যেন আবারও পাগলাটে মজার ঝড় বইতে চলেছে বলিউডে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন এই সিক্যুয়েলে ফিরছেন সিরিজের সেই তিন জনপ্রিয় মুখ—রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি। সম্প্রতি রিতেশ দেশমুখ তার সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির একটি নতুন পোস্টার শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে বাকি দুই সহ-অভিনেতাকেও। পোস্টারের ক্যাপশনে রিতেশ লিখেছেন, ‘উন্মাদনা আরও তীব্র হতে যাচ্ছে! ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি শিগগিরই আসছে আপনার কাছে। ট্রেলার রিলিজ খুব শিগগিরই।’
জানা গেছে, ‘মাস্তি ফোর’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। সিনেমাপ্রেমীরা আগ্রহভরে অপেক্ষা করছেন এই বহু প্রতীক্ষিত কমেডি সিক্যুয়েলের জন্য।
উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় শুরু হওয়া ‘মাস্তি’ সিরিজ বলিউডে কমেডি ঘরানায় এক নতুন ধারা তৈরি করেছিল। পরবর্তীতে মুক্তি পাওয়া ‘গ্র্যান্ড মাস্তি’ (২০১৩) ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬) দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রায় দশ বছর পর সেই তিন নায়ককেই নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে ‘মাস্তি ফোর’, যা ভক্তদের জন্য এক বিশাল চমক হয়ে আসছে।



