আন্তর্জাতিক সৌন্দর্যের মঞ্চ ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর চূড়ান্ত ফাইনালে বাংলাদেশ প্রতিনিধি সামানজার সাঈদ সেরা স্থান অর্জন করতে না পারলেও পুরো বিশ্বমঞ্চে প্রশংসিত হয়েছে তাঁর বহুমুখী প্রতিভা ও কাজের প্রভাব। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজিতে স্নাতক সম্পন্ন করা সামানজার পেশায় একজন গবেষক, সামাজিক উদ্যোক্তা ও অ্যাথলেট। বিউটি পেজেন্টের গ্ল্যামারের বাইরে গিয়ে একজন বুদ্ধিমতী ও দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন।
এই প্রতিযোগিতায় সামানজার সাঈদের সবচেয়ে বড় সাফল্য এসেছে ‘বিউটি উইথ আ পারপাস’ (Beauty With a Purpose) ক্যাটাগরিতে। তাঁর বিশেষ প্রকল্প ‘Hygiene for Health Bangladesh’ আন্তর্জাতিক বিচারে বিশ্বব্যাপী শীর্ষ ২৪ এবং এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মধ্যে শীর্ষ ৬টি সামাজিক প্রকল্পের তালিকায় জায়গা করে নেয়। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ও পিরিয়ড সচেতনতার মতো ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে দেশব্যাপী তরুণের যুক্ত করে পরিচালিত তাঁর এই স্বাস্থ্যসেবা উদ্যোগ বিশ্বমঞ্চে বিশেষভাবে নজর কাড়ে।
যদিও মূল ফাইনাল পর্বে তাঁর পথচলা থমকে গেছে, তবে প্রতিযোগিতায় তাঁর আত্মবিশ্বাসী উপস্থাপনা ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত এই সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বৈশ্বিক মঞ্চে কেবল ফ্যাশন নয়, বরং বাংলাদেশের নারীদের জ্ঞান, মেধা ও সামাজিক নেতৃত্বের দৃষ্টান্ত সৃষ্টি করাই ছিল তাঁর এই প্রতিযোগিতার মূল অর্জন।



