সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ জ্বলে উঠেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ব্যাটারদের রান করতে বেগ পেতে হলেও শেষ ওয়ানডেতে চিত্র পুরোপুরি বদলে যায়। সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ১৭৬ রান তুলে ফেলে টাইগাররা, যা মিরপুরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী পার্টনারশিপ। অল্পের জন্য শতক হাতছাড়া করেন সৌম্য, তবে তার ঝড়ো ব্যাটিংয়ে দলের ভীত মজবুত হয়।
বাংলাদেশ ইনিংসের ৩০তম ওভারের পঞ্চম বলে জাস্টিন গ্রিভসের বলে নাজমুল হোসেন শান্ত ছক্কা হাঁকালেন। এটি ছিল ম্যাচের ১১তম ছক্কা, যার মাধ্যমে মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ে যায়। এর আগে দু’বার ১০টি করে ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, টাইগারদের ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩-এ—যা মিরপুরে অভূতপূর্ব এক সাফল্য।
এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমেই উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। সৌম্য-সাইফ জুটি গড়ে ১৭৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ, যা ২০১৪ সালে এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের পাকিস্তানের বিপক্ষে ১৫০ রানের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।
প্রথম ওয়ানডেতে ৭৪ রানের বড় জয় এবং দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে পরাজয়ের পর এই ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নির্ধারণী লড়াই। জয় মানে সিরিজ বাংলাদেশের, আর হার মানে হাতছাড়া। তাছাড়া, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথেও প্রতিটি ম্যাচ টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



