মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে চালানো বিশেষ অভিযানে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ানসহ মোট ৭৯০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত অনলাইন প্রতারণায় প্রায় ৫৪.১ মিলিয়ন রিংগিত ক্ষতি হয়েছে।
বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানান, ‘অপ মেরপাতি খাস বওল, ১/২০২৫’ নামের এই বিশেষ অভিযান ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এর মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক প্রতারণা রোধ করা ও সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করা।
অভিযানে প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কাজে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেনি মালয়েশিয়ার পুলিশ।



