বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বেগম জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতেই জানিয়েছিলেন যে, সাবেক এই প্রধানমন্ত্রী অত্যন্ত সংকটময় সময় পার করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড তাঁকে বিদেশে নেওয়ার চেষ্টা করলেও শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক থাকায় তা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



