২০২৬ বিশ্বকাপের ঠিক এক বছর আগে ফের আলোচনায় লিওনেল মেসি। সদ্য ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার দল ইন্টার মায়ামি। এবার সাময়িকভাবে মায়ামি ছাড়ার পরিকল্পনায় আছেন মেসিও। মূলত বিশ্বকাপে নিজেকে সেরা ছন্দে রাখতে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই তার লক্ষ্য। সেই কারণে ইউরোপে ধারে (লোনে) ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গোস্তন এদুল।
বর্তমানে ৩৮ বছর বয়সী মেসির মায়ামির সঙ্গে দুই বছরের চুক্তি চলতি বছরই শেষ হচ্ছে। যদিও ক্লাবটি চুক্তি নবায়নের আগ্রহ দেখালেও শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে ধারে ইউরোপ বা অন্য কোনো প্রতিযোগিতামূলক লিগে খেলার সুযোগ রাখার কথাও ভাবা হচ্ছে।
বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের ম্যাচে খেলার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন মেসি। তবে এখনো নিশ্চিত নয়, তিনি কোন ক্লাবে যাবেন। বার্সেলোনায় ফেরা প্রায় অনিশ্চিত—ক্লাবটির আর্থিক সংকট ও সভাপতি লাপোর্তার সঙ্গে অতীতের সম্পর্কের টানাপোড়েন তার কারণ। পিএসজিতেও ফেরা অসম্ভব বলেই মনে করা হচ্ছে, কারণ ক্লাব বিশ্বকাপে তার ইন্টার মায়ামির বিদায় ঘটেছে পিএসজির বিপক্ষেই।
এদিকে, ম্যানচেস্টার সিটির সঙ্গে মেসির আগেও যোগাযোগ হয়েছিল। কোচ পেপ গার্দিওলার সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এখনো সিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ পায়নি।
তবে একটি বিষয় পরিষ্কার—জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ খেলতে নামার আগে নিজের শরীর ও মানসিক প্রস্তুতির দিক থেকে কোনো আপোস করতে চান না মেসি। ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আমরা গর্বিত যে বিশ্বসেরা ক্লাবগুলোর মধ্যে জায়গা করে নিয়েছিলাম। এখন লক্ষ্য এমএলএস এবং সামনে যা কিছু আসছে।’
এখন দেখার বিষয়, বিশ্বকাপের আগে ধারে খেলার জন্য মেসি কোন ক্লাব বা লিগকে বেছে নেন। তবে এটুকু নিশ্চিত—এই বিশ্বকাপকে ঘিরে মেসির প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না।



