
অস্ট্রেলিয়ার সিডনির পারামাট্টায় অনুষ্ঠিত প্রতিরোধমূলক মানসিক স্বাস্থ্য সম্মেলনে ‘ইমার্জিং লিডার ইন মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন বাংলাদেশি গবেষক তাসদিক দিপ। মানসিক স্বাস্থ্য খাতে তার অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনে অংশগ্রহণের জন্য তাসদিক দিপ একটি ভ্রমণ বৃত্তিও অর্জন করেন। একই সঙ্গে আরও দুইজন বাংলাদেশি মানসিক স্বাস্থ্য গবেষকের সঙ্গে এই ট্রাভেল অ্যাওয়ার্ড ভাগাভাগি করেন, যা প্রবাসে বাংলাদেশের জন্য গর্বের এক উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অর্জন নিয়ে তাসদিক দিপ জানান, তিনি নিজেকে অত্যন্ত বিনীত ও কৃতজ্ঞ মনে করছেন। তিনি এই সাফল্যকে তার সহকর্মী ও সমমনা গবেষকদের সঙ্গে ভাগ করে নেওয়াকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। বিশেষ করে বাংলাদেশি গবেষক বখতিয়ার নাজমুল হুদার সঙ্গে এই স্বীকৃতি ভাগ করে নেওয়াকে তিনি গর্বের বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, মানসিক স্বাস্থ্য বিশেষ আগ্রহ গোষ্ঠী (এমএইচএসআইজি) তাকে এমন একটি সহায়ক ও অনুপ্রেরণামূলক পরিবেশ দিয়েছে, যেখানে কাজ করা, শেখা এবং এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
এছাড়া তার এই অর্জনের পেছনে সহায়তা ও দিকনির্দেশনার জন্য ডিনা মেহজাবিন, সুমুদু হেওয়াজে, মানিকা সাহা, আজমল কাকার, লুক ডাফি এবং স্টিফেন কারবোনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এই বিশেষ দিনে তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান ভটিনের উপস্থিতি দিনটিকে আরও স্মরণীয় করে তোলে। পাশাপাশি তার পিএইচডি তত্ত্বাবধায়ক এবং মনাশ ইনফরমেশন টেকনোলজির অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাসদিক দিপ।
