থাইল্যান্ডে বিরল এক রাজনৈতিক নাটকীয়তা ঘটেছে, যেখানে মাত্র এক দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত। মঙ্গলবার (২ জুলাই) প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে একটি ফাঁস হওয়া ফোনালাপ ঘিরে অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর দেশটির আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
৩৮ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার ‘শিনাওয়াত্রা’ বংশের উত্তরাধিকারী। অভিযোগে বলা হয়, এক ফোনালাপে তিনি সেনাবাহিনীকে সমালোচনা করেন এবং ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে ক্যাম্বোডিয়াকে সমর্থন করেন। থাই সংবিধান অনুযায়ী, এমন মন্তব্যকে গুরুতর অনৈতিকতার পর্যায়ে ফেলা হয়। আদালতের আদেশ অনুযায়ী, তার বিরুদ্ধে তদন্ত চলবে এবং তিনি আগামী ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার সুযোগ পাবেন।
এই পরিস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী সুরিয়া অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তবে তার এই দায়িত্ব পালনের সময়সীমা ছিল মাত্র এক দিন। কারণ, বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফুমথম উইচায়াচাই। তিনি একইসঙ্গে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন, এবং পদক্রম অনুযায়ী তিনিই হবেন নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
গত বছরের আগস্টে পেতংতার্ন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার স্থগিতাদেশ থাই রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। পিউ থাই পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সংকট কাটাতে মন্ত্রিসভা পুনর্গঠন করে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে।



