বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ৯৬তম স্থানে। তবে ইতিবাচক দিক হলো, ভিসামুক্ত বা সহজ ভিসাসুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, বার্বাডোজ, কম্বোডিয়া, ডমিনিকা, ফিজি, জ্যামাইকা, কেনিয়া, সেশেলস, বাহামাসসহ আরও অনেক দেশ। তবে সব দেশের ক্ষেত্রে একই সুবিধা প্রযোজ্য নয়—কোথাও সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ, কোথাও বিমানবন্দরে ভিসা (ভিসা অন অ্যারাইভাল) এবং কিছু দেশের জন্য অনলাইন ই-ভিসার ব্যবস্থা রয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থানে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন। চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ। হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচক আন্তর্জাতিক ভ্রমণে বিভিন্ন পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পান, তার ভিত্তিতে প্রস্তুত করা হয়।



