বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য আর গ্রামীণ জীবনের স্বাদ নিতে ভিমরুলি ভাসমান বাজারে ঘুরে বেড়ালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। নৌকায় চড়ে ব্যস্ত ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সময় কাটান তিনি।
ভিমরুলি ভাসমান বাজারের অন্যতম আকর্ষণ পেয়ারা। চারপাশে পানিতে ভাসমান নৌকা, আর নৌকাজুড়ে সাজানো তাজা পেয়ারা, এমন দৃশ্যই মুগ্ধ করেছে রাষ্ট্রদূতকে। নৌকায় বসে পেয়ারা খাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় তাকে।
রাষ্ট্রদূতের এই ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা বেশ সাড়া ফেলেছে। ছবিগুলোতে বাংলাদেশের চিরচেনা গ্রামীণ সৌন্দর্য, নৌকার ব্যস্ততা আর ভাসমান বাজারের প্রাণচাঞ্চল্য ফুটে উঠেছে।
ভিমরুলির এই ভ্রমণ শুধু একটি পর্যটন অভিজ্ঞতা নয়, বরং বাংলাদেশের নদী, কৃষি ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে বিদেশি অতিথির এক সুন্দর পরিচয়ও হয়ে উঠেছে। প্রকৃতির কাছাকাছি এমন একটি দিন রাষ্ট্রদূতের জন্যও যে বেশ উপভোগ্য ছিল, ছবিগুলোতেই তার স্পষ্ট ছাপ পাওয়া যায়।



