ভালোবাসা দিবসকে ঘিরে প্রতি বছরই সংগীতাঙ্গন হয়ে ওঠে প্রাণবন্ত, প্রকাশ পায় নতুন নতুন গান। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে ‘না যেও না’ শিরোনামের একটি নতুন গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী ও নিজাম উদ্দিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও করেছেন নিজাম উদ্দিন নিজেই, যা গানটিকে আরও ব্যক্তিগত আবেগে সমৃদ্ধ করেছে।
‘না যেও না’ গানের সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গানটি প্রসঙ্গে নিজাম উদ্দিন জানান, কথায় ও সুরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি এবং সংগীতায়োজনে একটি সুন্দর সমন্বয় ঘটেছে। তার সঙ্গে নদীর কণ্ঠ গানটিকে আরও মাধুর্যমণ্ডিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে সুমন কল্যাণ বলেন, ভালোবাসা দিবসের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটির সুর ও গায়কীতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী।
ভালোবাসা ও অনুভূতির মেলবন্ধনের এই গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে Melodive নামের একটি ইউটিউব চ্যানেলে, আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে। প্রকাশের পর থেকেই গানটি ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।



