ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা। তাদের অভিনীত নতুন নাটকের নাম ‘যে কথা হয়নি বলা’। ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন এবং প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
নাটকটিতে তুলে ধরা হয়েছে দীর্ঘদিন ধরে মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসার গল্প। সময়ের পর সময় পেরিয়ে গেলেও নায়ক-নায়িকা কি শেষ পর্যন্ত নিজেদের অনুভূতির কথা একে অন্যকে বলতে পারবে—এই প্রশ্নের উত্তরই খোঁজে নাটকের গল্প। সহজ-সরল কিন্তু আবেগঘন উপস্থাপনার মাধ্যমে ভালোবাসার না বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলাই এর মূল আকর্ষণ।
নাটকটি প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, এটি তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তার ভাষায়, নীহার সঙ্গে তার জুটিকে দর্শক সবসময়ই পছন্দ করে, আর এবার সেই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের নির্মাণ দর্শকদের জন্য ভালোবাসা দিবসে একটি বিশেষ উপহার হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে নাজনীন নাহার নীহা জানান, নাটকের গল্পটি সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে দর্শক এমন হৃদয়ছোঁয়া গল্পই সবচেয়ে বেশি উপভোগ করেন বলেও তিনি মন্তব্য করেন।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘যে কথা হয়নি বলা’ মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভালোবাসা দিবসকে মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্পের চরিত্রের জন্য জোভান ও নীহাকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে বলেই তাদের নিয়ে কাজ করেছেন তিনি। দর্শকরা এই ভ্যালেন্টাইনে একটি ভিন্নধর্মী মিউজিক্যাল ড্রামা উপভোগ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা।
নাটকটিতে দুটি গান রয়েছে। এর মধ্যে প্রথম গানটির কথা ও সুর করেছেন সোমেশ্বর অলি। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর করেছেন নাজির মাহমুদ। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।



