ভারতের ইন্দোরে নারী ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, যখন দুই খেলোয়াড় ইন্দোরের রিং রোড এলাকায় হাঁটছিলেন। অভিযোগ অনুযায়ী, এক মোটরসাইকেল আরোহী তাঁদের অযাচিতভাবে স্পর্শ করেন। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
অস্ট্রেলিয়া নারী দল বর্তমানে ইন্দোরের র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স এমআইজি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে এবং দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে অভিযুক্ত আকিল খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন, যা গ্রেফতারে সহায়ক ভূমিকা রাখে। ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া জানিয়েছেন, “আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুই খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতেই মামলা নেওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।”
এই ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই গভীর নিন্দা জানিয়েছে। বোর্ড একে “ভারতের জন্য লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, নারী বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। তবে মাঠের বাইরের এমন অঘটন নিঃসন্দেহে ক্রিকেটের সৌন্দর্যে ছায়া ফেলেছে।



