ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন বাধ্যবাধকতা যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে। অনলাইনে ভিসার আবেদন করার সময় পূরণ করা এই ফর্ম স্ক্যান করে আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে ভারতীয় হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসার আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। হাইকমিশন জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।
এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা। এ ছাড়া পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো ভারত সফরের নির্দিষ্ট কারণও ফর্মে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনে দেওয়া সব তথ্য সঠিক এবং আবেদন জমা দেওয়ার তারিখে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাসের বিষয়টি নিশ্চিত করতে হবে।
অঙ্গীকারনামায় আবেদনকারীকে আরও ঘোষণা দিতে হবে যে, ভারত সফরের সময় ভিসায় উল্লেখিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে সেখানে অবস্থান করবেন না। সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না। একই সঙ্গে ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে।
হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফর্মের সব তথ্য পূরণের পর আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা সংগ্রহ, সঠিকভাবে পূরণ এবং অনলাইনে আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের। তাই আবেদনপ্রক্রিয়ায় কোনো জটিলতা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি নতুন এই ফর্মের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



