ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর ভারতের সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বুধবার (২৫ জুন) দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, যারা ‘ন্যায়ের পক্ষে’ এবং ‘ইরানের সার্বভৌমত্বের পাশে’ দাঁড়িয়েছেন, তাদের প্রতি ইরানের জনগণের পক্ষ থেকে রইল আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ।
বিবৃতিতে আরও বলা হয়, “যেসব স্বাধীনতাপ্রেমী ভারতীয়—রাজনৈতিক দল, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদকর্মী, সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ— এই দুঃসময়ে ইরানের পাশে ছিলেন, তাদের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা।” তেহরান জানায়, এই সমর্থন ইরানি জনগণের মনোবলকে আরও দৃঢ় করেছে।
ইরান উল্লেখ করে, হামলার সময়ে ভারতের বিভিন্ন শ্রেণির মানুষের প্রকাশ্য বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশ এবং সামাজিক মাধ্যমে বার্তাগুলো ইরানি জনগণের সাহস ও দৃঢ়তাকে জোরদার করেছে। তবে ইরান ভারতের সরকার নিয়ে কোনও মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, এটি ভারত-ইরান কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেই দেখা যেতে পারে।
উল্লেখ্য, গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পর থেকেই ইসরায়েল-ইরান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা বুধবার পর্যন্ত কার্যকর ছিল।
ইরানি দূতাবাস আরও জানায়, এই কঠিন সময়ে ভারতের জনগণের পাশে দাঁড়ানো কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি ন্যায়বিচার, মানবতা ও আন্তর্জাতিক আইন রক্ষার প্রতীক। ইরান দাবি করে, তারা সবসময় আন্তর্জাতিক আইনের নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল এবং সম্প্রসারণবাদ ও আগ্রাসনের বিরোধী। বিবৃতির শেষাংশে বলা হয়, “যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বের জনগণ ও জাতিগুলোর ঐক্যই সত্যিকারের শান্তির পথ খুলে দিতে পারে। ভারতের জনগণের অবস্থান সেই ঐক্যেরই প্রমাণ।”



